রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৯:১৫
রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ব্যাংক ও শপিংমলগুলোর নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্বকালে মো. সরওয়ার বলেন, রমজান মাসে ইফতারের সময় রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করে। নগরবাসী যাতে সময়মতো গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন, সে জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনেক সদস্য ইফতারের সময় সড়কেই দায়িত্ব পালন করছেন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ফুটপাত ও সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চলছে। বাস চলাচলের সড়কে অটোরিকশা প্রবেশ রোধে ট্রাফিক পুলিশ বিশেষ তৎপর রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধ ও সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে। সবার সহযোগিতায় রমজান মাস শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ১৩টি রোজা পার করা হয়েছে এবং এখন পর্যন্ত ঢাকা মহানগরে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি দিনগুলোও শান্তিপূর্ণভাবে পার হলে ঈদ উৎসব নির্বিঘ্নে উদযাপন সম্ভব হবে।
ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দোকান ও মার্কেটগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। এতে আইন-শৃঙ্খলা রক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানার পাশাপাশি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ দেন তিনি। এছাড়া রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা গ্রহণের আহ্বান জানান।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।