শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ০৯:১৪

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশেও। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় এবং অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না দেখা দেয়, সে জন্য রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ বিষয়ে শিগগিরই পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, সেটিকে সরকার অস্বাভাবিকভাবে দেখছে না। যুদ্ধ পরিস্থিতির কারণে সবার মধ্যেই এক ধরনের উদ্বেগ কাজ করছে। তবে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি। তার ভাষ্য, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুত রয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েক দিনে সরকার আগের তুলনায় কয়েকগুণ বেশি তেল সরবরাহ করেছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন, তারা প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন। এই আতঙ্ক দূর করতে হবে এবং সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সমন্বয় করে এগোতে হবে। সরকার চেষ্টা করবে যাতে জ্বালানির দাম না বাড়ে। তবে একান্ত প্রয়োজন হলে সে বিষয়ে জনগণকে অবহিত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি এ পরিস্থিতিতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top