বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ০৯:১৪
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নিয়মিত উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ উড়োজাহাজে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ইউএস-বাংলা বিমান সংস্থার একটি বিশেষ উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা বিমান সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে বিশেষ উড়োজাহাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুবাইয়ে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা পথে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে রাত আটটা বিশ মিনিটে চট্টগ্রাম থেকে আবারও আবুধাবীর উদ্দেশ্যে রওনা হয়। একই উড়োজাহাজ আবুধাবী থেকে স্থানীয় সময় রাত একটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
এই বিশেষ উড়োজাহাজটি ছিল ১৮৯ আসনবিশিষ্ট একটি যাত্রীবাহী বিমান।
তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা ও ইত্তেহাদসহ কয়েকটি বিমান সংস্থাকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এছাড়া জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন উড়োজাহাজকর্মী গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে আছেন। তাদেরও বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে এই বিশেষ ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।