শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

সায়েন্স ল্যাব ও তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, বাবা-মেয়েসহ চারজনের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:১৭

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

রাজধানীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃশা (২১)। অপর দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশার চালক আলিম (৫০) ও যাত্রী হারুনুর রহমান সানি (৩২)।

পুলিশ জানায়, সাজু আহমেদ মেয়েকে নিয়ে নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পেছনে বসেছিলেন তার মেয়ে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকার একটি মসজিদের বিপরীত পাশে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, নিহত সাজু আহমেদ সেগুনবাগিচায় গণপূর্ত বিভাগের একটি দপ্তরে কর্মরত ছিলেন। তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃশা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাদের বাসা দক্ষিণ শাহজাহানপুর এলাকায়।

অন্যদিকে একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকসহ চারজন আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চালক আলিম ও যাত্রী হারুনুর রহমান সানিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আহত হয়েছেন সানির স্ত্রী বৃষ্টি আক্তার ও তার বোন হ্যাপি আক্তার। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top