শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে:রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:২২

সংগৃহীত

জাতীয় পাট দিবস উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে।

রাষ্ট্রপতি আরও জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশে আছে। দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হলো কর্মসংস্থান, তাই এক কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে সরকার।

বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক ও বৈচিত্র্যময় পদ্ধতি আনার ওপর রাষ্ট্রপতি জোর দেন। চাষিদের আহ্বান জানান, উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, পাট বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের অংশ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাবের কারণে পাটের গুরুত্ব আরও বেড়ে গেছে। তিনি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ পরিহার করার এবং পরিবেশবান্ধব পাটের ব্যাগ ও পণ্যের ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি জানান, বর্তমান কৃষি ও কৃষকবান্ধব সরকার ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। এর মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র, সহজ শর্তে ঋণ এবং কৃষি বিমাসহ বিভিন্ন সুবিধা পাবেন। রাষ্ট্রপতি বিশ্বাস প্রকাশ করেন, সরকারের এসব উদ্যোগের ফলে পাটখাত ও অর্থনীতি শক্তিশালী হবে এবং দেশের জন্য সোনালি দিন ফিরে আসবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top