মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ, তদন্ত হবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৭:০৫

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করাতে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুতর। কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা কাম্য নয়। অভিযোগ ওঠার পরপরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়েছিল কি না -সেই বিষয়টি স্পষ্ট নয় বলে জানান তিনি।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তাকে জামিনে মুক্ত করতে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার- এমন একটি ফোনালাপ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, গণমাধ্যমে নানা অভিযোগ প্রকাশ পেলেও আনুষ্ঠানিক অভিযোগ না এলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে ঘটে যাওয়া সব বিষয় খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন আকারে দেওয়া হবে। প্রয়োজনে সাবেক চিফ প্রসিকিউটরের সঙ্গেও কথা বলা হবে।

চিফ প্রসিকিউটর জানান, প্রসিকিউটরদের এক বৈঠকে এ বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের বিষয়টি অভ্যন্তরীণভাবে তদন্ত করা হবে এবং দুর্নীতির সঙ্গে কারও সামান্য সংশ্লিষ্টতাও পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘুষের অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন ওঠে এবং বিচারপ্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top