যমুনায় নয়, গুলশানের নিজ বাসায় থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৪:১২
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারণেই তিনি সরকারি বাসভবনে উঠছেন না। গুলশানের নিজ বাড়িটিতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সে অনুযায়ী বাসাটি সাজানো হয়েছে।
প্রায় ১৭ বছরের প্রবাসজীবন শেষে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে ওই বাড়িতেই সপরিবারে ওঠেন তারেক রহমান। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন তিনি। বাড়িটির পাশেই ‘ফিরোজা’ নামের বাসভবনে থাকতেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই বাড়িটি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার পরিবারকে বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তার এর মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।
এর আগে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুযায়ী ভবনটিকে প্রস্তুতও করা হয়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে মুহাম্মদ ইউনূস কিছুদিন এই যমুনা ভবনেই অবস্থান করেছিলেন।
তবে শেষ পর্যন্ত সেখানে না ওঠার সিদ্ধান্ত নিলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো যমুনাতেই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে দুটি ইফতার অনুষ্ঠান সেখানে হয়েছে। আসন্ন ঈদেও সকাল ১০টায় যমুনা ভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে হাবিবুর রহমান, লতিফুর রহমান এবং ফখরুদ্দীন আহমেদ তাদের দায়িত্বকালীন সময়ে এই ভবনেই বসবাস করেছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।