ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দু’জন আশঙ্কাজনক
খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৫:২৩
খুলনা মহানগরীর লবণচরা এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাশিদুল ইসলাম (২৪) এবং রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে আনিসুর রহমান ও রাশিদুল ইসলাম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাগারে থাকার সময় রাশিদুলের সঙ্গে ইমরান নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরে সেই সূত্র ধরে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক তৈরি হয়।
প্রায় ছয় মাস আগে ইমরান আবার কারাগারে গেলে ফাহিমাকে বিয়ে করেন রাশিদুল। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ইমরান- এমন ধারণা স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, পূর্বপরিকল্পিতভাবে ভোরে একদল হামলাকারী ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পরিবারের চারজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকীয়াজনিত বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।