ডোরেমনের নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৪:১২
জাপানি অ্যানিমেশন জগতে নেমে এসেছে গভীর শোক। ‘ডোরেমন’-এর কিংবদন্তি পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৮৪ বছর বয়সে গত ৬ মার্চ স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পরে ১৭ মার্চ আজিয়া দো অ্যানিমেশন ওয়ার্কস আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। প্রয়াত পরিচালকের ইচ্ছানুযায়ী, তার শেষকৃত্য সম্পন্ন করা হয় সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ও গোপনীয়তার সঙ্গে।
১৯১৪ সালে জন্ম নেওয়া শিবায়ামা ১৯৬৩ সালে অ্যানিমেশন জগতে যাত্রা শুরু করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এই শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা। ‘দ্য গাস্টি ফ্রগ’ ও ‘টেনসাই বাকাবন’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করেন তিনি।
তবে তাকে চিরস্মরণীয় করে রেখেছে ডোরেমন। ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত এই জনপ্রিয় সিরিজের চিফ ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি। তার হাত ধরেই দর্শক পেয়েছে নবিতা, সিজুকা আর ডোরেমনের অবিস্মরণীয় বন্ধুত্বের গল্প। এছাড়া ‘নবিতা অ্যান্ড দ্য ক্যাসেল আন্ডারসি ডেভিল’, ‘ডোরেমন: নবিতা ইন দ্য ওয়ান ন্যান স্পেসটাইম ওডিসি’সহ একাধিক অ্যানিমি চলচ্চিত্র পরিচালনা করেন তিনি।
অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে এজেন্সি ফর কালচারাল অ্যাফেয়ার্স তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করে।
তার প্রয়াণে শোকস্তব্ধ শুধু জাপান নয়, বিশ্বজুড়ে অ্যানিমি প্রেমীরাও। এক প্রজন্মের শৈশব গড়ে দেওয়া এই নির্মাতার বিদায়ে যেন নিভে গেল অ্যানিমেশন আকাশের এক উজ্জ্বল নক্ষত্র।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।