‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তহীন প্রতারণা’— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণার দালিল।’ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না— এমন একটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে তাদের দল সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়ন করতে চায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রস্তাব দেন, সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হোক। তিনি বলেন, এই কমিটির মাধ্যমে আলোচনার ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দল মিলেই ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংশোধনী আনা উচিত। দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে সবাই দায়বদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা ও আইনি বৈধতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা ছিল না। এরপরও জারি করা আদেশ আইনগতভাবে বৈধ নয়। তিনি বলেন, যে আদেশের জন্মই বৈধ নয়, তা আইনগত ভাষায় ‘ভয়েড অ্যাব ইনিশিও’ (শুরু থেকেই অবৈধ)। এছাড়া, এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ায় সংসদের প্রথম দিনেও উপস্থাপন করা হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।