জ্বালানি সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:৫২
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কার্যকর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
এ লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট–এর সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে বাংলাদেশ জ্বালানি খাতে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কারিগরি ও কৌশলগত সহায়তা অত্যন্ত জরুরি।
তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন জ্বালানি দপ্তরের সক্রিয় ভূমিকা কামনা করেন।
এ সময় মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সুযোগ বাড়ানো এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে একমত হয়।
বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।