যারা আমাকে ভোট দিয়েছেন কিংবা দেননি সবার দায়িত্ব পালন করতে চাই:প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৬:৫৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা-১৭ আসনের সব ভোটার—যারা তাকে ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার প্রতিনিধি হিসেবেই তিনি দায়িত্ব পালন করতে চান। নির্বাচিত করায় ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান তিনি।
বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। এ সময় তাহসিনা রুশদীর লুনা-এর প্রশ্নের জবাবে সরকার ও বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, চলতি বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। পাশাপাশি কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী ১৮০ দিনের মধ্যে ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান, ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন শুরু করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।
এছাড়া প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় ১৩টি জেলায় ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে জানান তিনি। কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড চালুর উদ্যোগ এবং বিভিন্ন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সংসদে দেওয়া এই বক্তব্যে সরকারপ্রধান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।