বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

টঙ্গীতে জমি বিরোধ: ‘সাজানো’ সংবাদ সম্মেলনের অভিযোগ নোমান গ্রুপের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:৩৪

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নতুন করে জটিল আকার ধারণ করেছে। “জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড” ও “পাগাড় হাউজিং সোসাইটি লিমিটেড”-এর নামে থাকা জমিকে কেন্দ্র করে ভুয়া দলিল সৃষ্টি, প্রতারণা এবং অবৈধভাবে মালিকানা দাবির অভিযোগ উঠেছে কাজল সরকার চক্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কাজল সরকারগং একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা উপস্থাপিত তথ্যকে সত্য দাবি করেন। তবে এ বিষয়ে নোমান গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত জমির বৈধ মালিক “জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড” এবং জমিটি তাদের দখলেই রয়েছে।

নোমান গ্রুপের অভিযোগ, কাজল সরকারসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করে আসছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করাও আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

নোমান গ্রুপ সূত্রে জানা যায়, ১৯৬৩ সালের পূর্বে মূল মালিকদের কাছ থেকে জমিটি বৈধভাবে ক্রয় করা হয়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে একটি চক্র জাল দলিল তৈরি করে মালিকানা পরিবর্তনের চেষ্টা চালায়। বিশেষ করে ২০১৬ সালের দিকে ভুয়া বায়নানামা ও রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে জমি নিজেদের নামে নেওয়ার অপচেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

তারা আরও জানায়, জমি সংক্রান্ত একাধিক মামলায় আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। ঢাকার আদালতে দায়ের করা দেওয়ানি মামলা এবং পরবর্তীতে আপিলেও তাদের অনুকূলে রায় আসে। তবুও একটি চক্র আদালতের রায় উপেক্ষা করে পুনরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছে নোমান গ্রুপ।

নোমান গ্রুপের দাবি, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় কাজল সরকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৩, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪২০ ধারাসহ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top