বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে দেশে দারিদ্র্যের হার কমেনি বরং বেড়েছে:প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৮:২৯

সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে দেশে দারিদ্র্যের হার কমেনি, বরং বেড়েছে বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে। বুধবার (১ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, দেশে বর্তমানে ৯৫টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু থাকলেও কাঙ্ক্ষিত হারে দারিদ্র্য হ্রাস সম্ভব হয়নি। তবে সরকার নতুনভাবে পরিবারভিত্তিক সহায়তা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী নাগরিকদের সামাজিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই লক্ষ্যেই “ফ্যামিলি কার্ড” কর্মসূচিকে আধুনিক ও বৈষম্যহীন সহায়তা ব্যবস্থার একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মতে, উন্নয়নের মূল একক ব্যক্তি নয়, পরিবার।

পুষ্টি ও স্বাস্থ্য খাতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় সহায়তা সরাসরি পরিবারের নারী প্রধানের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মায়ের হাতে অর্থ গেলে তা সাধারণত সন্তানের খাদ্য, পুষ্টি ও চিকিৎসায় ব্যয় হয়, ফলে অপচয় কমে।

এই কর্মসূচির আওতায় কৃষক কার্ডধারীরা বছরে আড়াই হাজার টাকা এবং ফ্যামিলি কার্ডধারী নারীরা মাসে আড়াই হাজার টাকা পাবেন। তবে সরকার একবারে সবাইকে অন্তর্ভুক্ত না করে ধাপে ধাপে এই সুবিধা সম্প্রসারণ করবে এবং প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়ানো হবে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার অতিরিক্ত টাকা ছাপাচ্ছে না, তাই এই কর্মসূচি মূল্যস্ফীতি বাড়াবে না। বরং এই অর্থ স্থানীয় অর্থনীতিতে খরচ হবে, যা অর্থনীতিকে সচল রাখতে সহায়ক হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই উদ্যোগের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য উন্নতি আসবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top