গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:৫৬
গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মাসুমা আক্তার। জন্মের পর সুস্থ অবস্থায় মা ও নবজাতকেরা বাড়ি ফিরেছেন। পাঁচ সন্তানের মধ্যে তিনজন মেয়ে ও দুইজন ছেলে। বিরল এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকদের দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে নিজ বাড়িতে পাঁচ সন্তানসহ ফিরে যায় পরিবারটি।
বর্তমানে নিজ বাড়িতেই শিশুদের যত্ন নেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি। এর আগে গত ৫ এপ্রিল রাজধানীর একটি সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন মাসুমা আক্তার। এ ঘটনায় পরিবারজুড়ে নেমে আসে আনন্দের জোয়ার।
মাসুমার স্বামী কাজল মিয়া জানান, নির্ধারিত সময়ের আগেই স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে উন্নত চিকিৎসার জন্য তারা রাজধানীতে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং একে একে পাঁচ সন্তান তাদের কোলে তুলে দেওয়া হয়। তিনি বলেন, এমন ঘটনা কল্পনাও করেননি, সুস্থভাবে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
এদিকে কাপাসিয়া এলাকার একটি কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কামরুজ্জামান সেলিম জানান, শুক্রবার নবজাতক ও তাদের মাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাঁচ শিশুর মোট ওজন প্রায় আট কেজি এবং প্রতিটি শিশুর ওজন দেড় কেজির বেশি। তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত বিশেষ ধরনের চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে এমন ঘটনা দেখা যেতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে সুস্থতা নিশ্চিত করে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।