মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

টাঙ্গাইলে আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৩

ছবি: সংগৃহীত

দেশের কৃষিখাতকে আধুনিকায়ন এবং কৃষকদের সরাসরি রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনতে টাঙ্গাইলে আজ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে তিনি রাজধানী ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছে তিনি প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

এরপর বেলা সাড়ে ১০টায় শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত বৃহৎ কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

জানা গেছে, কৃষক কার্ড কার্যক্রমটি সরকারের একটি প্রাথমিক পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে শুরু হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ভর্তুকি, সহজ শর্তে ঋণ এবং কৃষি উপকরণ সরাসরি পাওয়ার সুযোগ পাবেন।

সমাবেশে বক্তব্য শেষে দুপুর সোয়া ১২টায় টাঙ্গাইল পৌর উদ্যানে একটি কৃষি মেলারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর তদারকির জন্য কৃষিমন্ত্রী আমিন উর রশীদ আগে থেকেই টাঙ্গাইলে অবস্থান করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ড চালুর মাধ্যমে কৃষিখাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি সরকারি সহায়তা পাবেন।

তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং কৃষকের হাতে সরাসরি সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। টাঙ্গাইল থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব জেলায় সম্প্রসারিত করা হবে।

সফরসূচি অনুযায়ী, দিনের কর্মসূচি শেষে বিকেলেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। একই সঙ্গে তিনি স্থানীয় কৃষকদের সমস্যা ও দাবিদাওয়া শুনে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এ কর্মসূচিকে কৃষিবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, যা গ্রামাঞ্চলের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top