নববর্ষে রাজধানীতে কড়া নিরাপত্তা, ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৪
বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে বিশেষ করে রমনা বটমূল ও আশপাশের এলাকা, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগ জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, ছায়ানটের আয়োজনস্থল, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে বিজিবি কাজ করছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সকল নাগরিককে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছে বাহিনীটি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।