মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচারিক নিষ্পত্তি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭

ছবি: সংগৃহীত

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনার ২৫ বছর পার হলেও এখনো হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বিচার প্রক্রিয়া চলাকালীন একাধিক আসামির মৃত্যু হয়েছে। গত বছর হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা হ্রাস পেলেও পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে উভয় পক্ষই।

একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায় আগামী বৈশাখের আগেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, হত্যা মামলার রায় প্রকাশের পর রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগোনো হবে।

২০০১ সালের ওই হামলায় ১০ জন প্রাণ হারান। পরবর্তীতে ২০০৮ সালে অপরাধ তদন্ত বিভাগ ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে।

২০১৪ সালে ঢাকার একটি আদালত হত্যা মামলায় প্রধান আসামি মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৫ সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজা হ্রাস পায়।

আসামিপক্ষের আইনজীবীদের দাবি, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ না হওয়ায় তারা আপিল করতে পারছেন না। তাদের মতে, রায় প্রকাশের পরই আপিল বিভাগে শুনানি সম্ভব হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, রায় প্রকাশের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। রায় প্রকাশের পর তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী ধাপে রয়েছে। আগামী ৯ জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top