নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে ফিরেছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:০৯
বাহরাইনে কর্মরত অবস্থায় নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে ফিরেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, গিরিশ চন্দ্র সূত্রধরের দাহ-সৎকারের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়ারিশ সনদ পাওয়ার পর তার পরিবারকে আরও তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়া উচিত, যাতে তারা সরকারি তালিকাভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পান।
নিহত গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। বাহরাইনে কর্মরত অবস্থায় কিছুদিন আগে তার মৃত্যু হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।