সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

হকার পুনর্বাসনে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৮

সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চলমান থাকার মধ্যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয় করে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ ও পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও উৎসাহ নিয়ে ব্যবসা চালিয়ে যেতে পারেন।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় কয়েকশ’ দোকান উচ্ছেদ করা হয়। এরপরই হকারদের বিকল্প ব্যবস্থার বিষয়টি সামনে আসে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য নির্ধারিত বিকল্প স্থানের ব্যবস্থা করবে সরকার। একই সঙ্গে তাদের একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনার বিষয়েও আলোচনা হয়।

অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষকদের মতে, হকাররা দেশের একটি বড় অনানুষ্ঠানিক কর্মসংস্থান খাতের অংশ। সঠিক পরিকল্পনা ও নিবন্ধনের মাধ্যমে এই খাতকে সংগঠিত করা গেলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি রাষ্ট্রের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

বিশ্বের বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য হকার ব্যবস্থাপনাকে উচ্ছেদের বদলে নিয়ন্ত্রণ ও নিবন্ধনের মাধ্যমে সফলভাবে পরিচালনা করেছে বলে উদাহরণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট মহল মনে করছে, হকারদের নিবন্ধন, নির্ধারিত স্থান ও সময়সূচি নির্ধারণ এবং নিয়মিত ফি ব্যবস্থার মাধ্যমে একটি টেকসই সমাধান সম্ভব। এতে একদিকে যানজট ও বিশৃঙ্খলা কমবে, অন্যদিকে হকারদের জীবিকা সুরক্ষিত থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top