সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১০

সংগৃহীত

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে সংশোধনী বিল পাস হয়েছে। রোববার জাতীয় সংসদে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ সংশোধন বিলটি কোনো সংশোধনী বা আলোচনাবিহীনভাবে পাস হয়।

বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মাধ্যমে বিদ্যমান আইনের ৩(গ) ধারা বিলুপ্ত করা হলো, যেখানে সংসদ-সদস্যদের একটি নির্দিষ্ট মেয়াদ পর পর শুল্কমুক্তভাবে গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ ছিল।

আইনমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধিত্ব করার দায়িত্বে থাকা সংসদ সদস্যদের জন্য এ ধরনের শুল্কমুক্ত সুবিধা নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি কর প্রদানকারী নাগরিকদের সঙ্গে বৈষম্য তৈরি করে। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সুবিধা বাতিল করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিলের সংশোধনী অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি ও বিরোধী উভয় দলই শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিল। পরে সরকারি দল তাদের সংসদীয় বৈঠকেও একই সিদ্ধান্ত নেয়।

এদিকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ৩০ দিন নির্ধারণ করা হয়েছে।

কমিটিতে সরকারি ও বিরোধী দলের ৫ জন করে সদস্য রাখা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কমিটি বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সুপারিশ প্রণয়ন করবে বলে জানানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top