খুনি দিয়ে হত্যাচেষ্টা, সংসদে দাঁড়িয়ে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৯:২৪
নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফা পেশাদার খুনি ভাড়া করে হত্যাচেষ্টার অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে রোববার (২৬ এপ্রিল) সংসদের কার্যপ্রণালির নিয়ম অনুযায়ী বক্তব্য তুলে তিনি এই দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মাগরিবের আজানের পর তিনি সঙ্গীদের নিয়ে একটি পেট্রোল পাম্পের নামাজের স্থানে নামাজ আদায় করতে যান। এ সময় বিএনপির পরিচয়ধারী কিছু লোক তার গাড়িতে হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার শব্দে তার লোকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে হামলাকারীরা তিনি যে মসজিদে অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা দরজা ভাঙার চেষ্টা করে।
মাছুম মোস্তফা দাবি করেন, হামলাকারীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি জানতে পারেন, তাকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খুনি আনা হয়েছিল। তবে মুসল্লিদের প্রতিরোধের কারণে তারা ব্যর্থ হয়।
আবেগঘন কণ্ঠে তিনি স্পিকারের উদ্দেশে বলেন, পরিস্থিতি এমন ছিল যে তার মৃত্যু হলে সংসদে শোক প্রস্তাব ও এক মিনিট নীরবতা পালন করতে হতো।
তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, তার এলাকার নেতাকর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জবাবে স্পিকার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং ইতোমধ্যে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে।
তবে সংসদ সদস্য বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র একজন তালিকাভুক্ত আসামি, বাকিরা পরে জামিনে মুক্ত হয়েছে। প্রকৃত অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শেষে স্পিকার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।