জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৮:১০
পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উত্থাপিত পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
সংসদে কুমিল্লার এক শুল্ক কর্মকর্তার হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে জ্বালানি সংকট ও রেশনিংয়ের বিষয়টি উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী বক্তব্য দেন।
তিনি বলেন, সংসদ সদস্যের উদ্বেগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। পুলিশ, অ্যাম্বুল্যান্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর যে জ্বালানি সীমাবদ্ধতা ছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। দুই দিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে তা জানিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সিদ্ধান্তের ফলে আইনশৃঙ্খলা রক্ষায় আর কোনো সমস্যা থাকবে না।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।