সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

বজ্রপাত থেকে বাঁচতে সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার: ত্রাণমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ২১:১৮

ছবি: সংগৃহীত

বজ্রপাতের ঝুঁকি থেকে মানুষকে সুরক্ষা দিতে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে হাওর ও উত্তর-পূর্বাঞ্চলে মেঘ জমলে আগাম সতর্ক সংকেত দিয়ে কৃষকদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশে বছরের প্রতিটি সময়ই কোনো না কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ দেখা দেয়। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত ভয়াবহ রূপ নিয়েছে, বিশেষ করে হাওর ও উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি। প্রায়ই এ কারণে প্রাণহানি ঘটছে। ইতোমধ্যে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সচেতনতা বাড়াতে হাওরসহ ঝুঁকিপূর্ণ এলাকায় সাইরেন বসানো হবে, যাতে আকাশে মেঘ জমলেই কৃষকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন। পাশাপাশি তালগাছ রোপণ ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপনের বিষয়েও গবেষণা চলছে। বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু হলেও কৃষকদের আর্থিক সহায়তা দিতে বিধিমালায় সংশোধন আনা হয়েছে।

এর আগে আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, তার নির্বাচনি এলাকার চারটি উপজেলা হাওরবেষ্টিত হওয়ায় কৃষক ও মৎস্যজীবীদের সারা বছর হাওরে কাজ করতে হয়। গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে আকস্মিক বজ্রপাতে প্রায়ই প্রাণহানি ঘটে। সম্প্রতি দেশে ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজন তার নির্বাচনি এলাকার।

তিনি আরও জানান, আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী সুনামগঞ্জের হাওর অঞ্চলে বজ্রপাতের ঘনত্ব অনেক বেশি, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ২৫টির বেশি বজ্রপাত ঘটে। অতীতে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হলেও কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top