বাকস্বাধীনতা মানে নোংরামি নয়: ড. মাহদী আমিন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ২১:৩১
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী গত দুই মাসে তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নজিরবিহীন অগ্রগতি দেখিয়েছেন। তবে এর পরও একটি পক্ষ অশালীন ভাষায় তার সমালোচনা করে যাচ্ছে। তার মতে, বাকস্বাধীনতার অর্থ কখনোই নোংরামি নয়।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম ও জীবন নিয়ে আয়োজিত ‘কমল কুঁড়ি’ অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মাহদী আমিন আরও বলেন, সংস্কার নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হলেও প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, একাত্তর, পঁচাত্তর, নব্বই এবং চব্বিশের গণআন্দোলনে বিএনপি জনগণের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে।
তিনি বলেন, দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই নাগরিক। বিএনপি সব ধর্মের মানুষের প্রতি সমান সম্মান দেখিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী চালু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ড. মাহদী আমিন আরও দাবি করেন, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে এবং কোনো নির্দিষ্ট দেশের প্রভাব বা আনুকূল্য চায় না। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, অথচ বিরোধী পক্ষ নারীদের ঘরে সীমাবদ্ধ রাখতে চায়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।