চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভাঙল যাত্রীর ৪ দাঁত
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ২১:৪৬
কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। এ সময় এক যাত্রীর চারটি দাঁত ভেঙে যায় এবং অপরজন ঘাড়ে আঘাত পান।
সোমবার দুপুরে কক্সবাজার রুটে চলাচলরত ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) এবং মোহাম্মদ আবু সাঈদ (৪০)। তারা নন-এসি বগির নির্ধারিত আসনে বসা ছিলেন।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন ছাড়ে। চকরিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে একটি পাথর ছুড়ে মারা হয়। এতে হিমেলের চারটি দাঁত ভেঙে যায় এবং নিচের ঠোঁটের ভেতরের অংশ ফেটে যায়। অপর যাত্রী আবু সাঈদ ঘাড়ে গুরুতর আঘাত পান।
পরে চট্টগ্রাম রেলস্টেশনে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করে।
একই বগির এক যাত্রী জানান, তারা দিনাজপুরের বিরামপুর থেকে ১৮ থেকে ২০ জনের একটি দল কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে এই ঘটনা ঘটে।
তিনি অভিযোগ করেন, ঘটনার সময় ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অন্যত্র ছিলেন এবং দেরিতে ঘটনাস্থলে আসেন। রেলওয়ে পুলিশের একজন সদস্য সহায়তা করলেও অন্যদের অবহেলা ছিল বলে তিনি দাবি করেন। এছাড়া স্থানীয় থানায় বিষয়টি জানালে যাত্রীদেরই উল্টো প্রশ্ন করা হয় বলে অভিযোগ ওঠে, এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
রেলপথে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। গত এক বছরে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে অন্তত ১৪৫টি এমন ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩৯ জন যাত্রী। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কক্সবাজার রুটে, যেখানে অন্তত ৩৮টি ঘটনায় ১৪ জন আহত হয়েছেন।
বর্তমানে কক্সবাজার রুটে নিয়মিত চার জোড়া ট্রেন চলাচল করে। যাত্রীচাহিদা বাড়লে বিশেষ ট্রেনও চালানো হয়। তবে জনপ্রিয় এই রুটে পাথর নিক্ষেপ এখন যাত্রীদের জন্য বড় আতঙ্কে পরিণত হয়েছে।
এ বিষয়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, পাথর নিক্ষেপ ঠেকাতে নজরদারি বাড়ানো হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।