প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেলো ৩ হাজারেরও বেশি গাছ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:১৬
কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভকে চার লেনে উন্নীত করার বৃহৎ প্রকল্পে পরিবেশ সংরক্ষণে নেওয়া হয়েছে ব্যতিক্রমী সিদ্ধান্ত। প্রাথমিকভাবে প্রকল্প বাস্তবায়নে প্রায় তিন হাজার গাছ কাটার আশঙ্কা তৈরি হলেও পরে তা এড়িয়ে সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্পের কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার অংশে কাজ শুরুর পর গাছ কাটার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাছ না কেটে বিকল্প নকশা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার যৌথ উদ্যোগে সড়কের সামান্য অ্যালাইনমেন্ট পরিবর্তন করে গাছ সংরক্ষণ করেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রকৌশলীরা সরেজমিন পরিদর্শন করে নতুন নকশা চূড়ান্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, শুধু বিদ্যমান গাছ রক্ষা নয়, মেরিন ড্রাইভকে আরও দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করতে দুই পাশে নতুন বৃক্ষরোপণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে প্রকল্পটির নির্মাণ কাজ চলছে। এতে রাস্তা প্রশস্তকরণ, রেজু খালের ওপর সেতু নির্মাণ, আরসিসি রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপন এবং ইউটিলিটি স্থানান্তরের মতো কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্পে পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ না কেটে সড়ক নির্মাণের এই উদ্যোগ ভবিষ্যতের অবকাঠামো উন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।