ভারতীয় ভিসা জটিলতা শিগগিরই কমবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:১৭

সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তিতে চলমান জটিলতা দ্রুতই নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক অবস্থানে রয়েছে। তিনি জানান, ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এই দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে পারস্পরিক সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিচ্ছে।

ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে ড. খলিলুর রহমান জানান, ভারত সরকারের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব আলোচনার ইতিবাচক ফল দ্রুতই পাওয়া যাবে এবং ভিসা সংক্রান্ত জটিলতা শিগগিরই অনেকাংশে নিরসন হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top