সৌদি থেকে এলো ১ লাখ টন তেল, বিকেলে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:০১
দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে শোধনাগারটির কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (পরিচালনা) মামুনুর রশীদ খান জানান, অপরিশোধিত তেলের একটি চালান দেশে পৌঁছেছে। সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে আবার তেল পরিশোধন শুরু হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদনের পরিমাণ কিছুটা কম রাখা হচ্ছে। পরে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।
কর্তৃপক্ষ জানায়, সৌদি আরব থেকে আসা এমটি নাইনেমিয়া নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে রয়েছে ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে যে পরিমাণ তেল মজুত রয়েছে, তা দিয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন উৎপাদন চালিয়ে নেওয়া সম্ভব হবে। চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছাতে পারে।
সূত্র আরও জানায়, সৌদি আরব থেকে আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যে নতুন চালান জাহাজে তোলা হলে সরবরাহে কোনো সমস্যা হবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে, যা জাহাজের ধারণক্ষমতার ওপর নির্ভর করবে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ ও এপ্রিল মাসে কোনো অপরিশোধিত তেলের জাহাজ দেশে পৌঁছাতে পারেনি। এতে নির্ধারিত সময়সূচি ব্যাহত হওয়ায় রিফাইনারির মজুত দ্রুত কমে যায়। একপর্যায়ে উৎপাদনের গতি কমিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং পরে পুরোপুরি পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় নতুন তেলের জাহাজ দেশে পৌঁছানোকে স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।