বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

যেভাবে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা করা হয়

বাগেরহাট প্রতিনিধি: | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:৩১

রামিম । ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রামিম উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে রামিম গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। পরে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গ্যারেজে থাকা একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ও রিকশাচালক সবুজ মিয়া দুষ্টুমির ছলে চাকার হাওয়া দেওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রামিমের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, সন্ধ্যার পর শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top