বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

রাজিবপুরে জমি দখলচেষ্টা, হামলা-লুটপাটের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:২৭

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মধ্য মরিচাকান্দি গ্রামে জমি দখলচেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আলেকজান বেগম।

বুধবার (৬ মে) দায়ের করা অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে জমিতে অনুপ্রবেশ ঠেকাতে আদালতে মামলা করা হয়, যা বর্তমানে কুড়িগ্রামের আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২ মে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে রোপণ করা ফসল নষ্ট করে এবং বসতঘরের টিন খুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে আলেকজান বেগম ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, বজলু মিয়া (৬০), রোকনুজ্জামান (৩৮), শুলতা খাতুন, রোকসানা বেগম (২০), শফিকুল ইসলাম (২৫), মাহিন আলী (১৮), শাকিল মিয়া (১৯), রফিকুল ইসলাম (২৮), রাজু মিয়া (৩০), রাবিয়া খাতুন (৩৫), আতিকুল ইসলাম (৩৮) ও হাফিজা খাতুন (৩৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর দাবি, জমি দখলে ব্যর্থ হয়ে অভিযুক্তরা তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলাও দায়ের করেছে। হামলার পর থেকে পরিবারটিকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও জমি দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top