বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুসকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাতটার দিকে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে নিজ দোকানে বসেছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি দোকান থেকে একটি জুস কিনে সেটি ভালো নয় বলে অভিযোগ করেন। পরে দোকানি মুজাহিদ নিজেই জুসটি পান করে জানান, জুসটি খারাপ নয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত বাইজিদ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বাইজিদ একই গ্রামের বাদশা ইজারাদারের ছেলে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।