দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১১:১২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। পথে দুবাইয়ে যাত্রাবিরতি শেষে আরেকটি ফ্লাইটে মরদেহ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ পাঠানোর সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। এরপর থেকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের নির্দেশনায় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট তদন্তকারী পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছে।
প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী মরদেহ দেশে পাঠানোসহ পুরো প্রক্রিয়া দূতাবাস সম্পন্ন করেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।