তুরস্কের হাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ভূরাজনীতিতে বাড়ছে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১২:০১
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর এবার নতুন করে আলোচনায় এসেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বে উন্মোচিত হয়েছে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র, যার নাম ‘ইলদিরিমহান’।
তুরস্ক দাবি করছে, এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে প্রায় ২৫ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পাল্লা প্রায় ৬ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বড় একটি অংশকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
আঙ্কারায় প্রদর্শিত এই অস্ত্রকে দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটির নামের অর্থ বজ্রপাত।
তুরস্কের সামরিক প্রযুক্তি প্রদর্শনীতে আরও কিছু নতুন ড্রোনও উন্মোচন করা হয়েছে। এগুলো একসঙ্গে সমন্বিতভাবে আক্রমণ চালাতে সক্ষম এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে বলে দাবি করা হচ্ছে।
এছাড়া দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন একটি সুরক্ষা কাঠামো তৈরির কথাও জানানো হয়েছে, যেখানে উন্নত প্রযুক্তির একাধিক প্রতিরক্ষা উপাদান যুক্ত থাকবে।
বিশ্লেষকদের মতে, তুরস্কের এই সামরিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ ধরনের ঘোষণা বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।
তবে এখনো পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রের কার্যক্ষমতা বা বাস্তব পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।