মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

হলফনামায় নুরের বার্ষিক আয় ২০ লাখ টাকা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১২:৪৫

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী নুরুল হক নুর মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন সামনে রেখে বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা থেকে জানা যায়, নুরুল হক নুর পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা। এছাড়া অন্যান্য উৎস থেকে তার আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা।

হলফনামা অনুযায়ী, নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। এর মধ্যে তার কাছে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা এবং কোম্পানির শেয়ারে বিনিয়োগ রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আমানতের পরিমাণ দেখানো হয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা।

তার নামে প্রায় ৮২ ডেসিমাল কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৬২ হাজার টাকা। অন্যদিকে পাওনাদারের কাছে তার দেনার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা।

হলফনামায় তার স্ত্রী মারিয়া আক্তারের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ৩০ হাজার ৯৪১ টাকা এবং ব্যাংকে জমা আছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা।

মামলা সংক্রান্ত তথ্য অনুযায়ী, নুরুল হক নুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বর্তমানে ৬টি মামলা চলমান রয়েছে। এসব মামলার কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি এজাহারভুক্ত ও অভিযুক্ত। তবে এর আগে ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

পারিবারিক তথ্য অনুযায়ী, নুরুল হক নুরের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এছাড়া তার বাবা-মা এবং ভাই-বোন তার ওপর নির্ভরশীল বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top