সাতক্ষীরায় পূজা মণ্ডপ নির্মাণে বাধার অভিযোগ, প্রশাসনিক নিরাপত্তা চায় আয়োজকরা
সাতক্ষীরা প্রতিনিধি | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৬:০৩
সাতক্ষীরার সদর উপজেলার রাজার বাগান সদূরডাঙ্গী পূর্বপাড়ায় বাসন্তী পূজার মণ্ডপ নির্মাণকে কেন্দ্র করে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সঙ্গে সংশ্লিষ্টরা অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান টুটুল ও তার স্ত্রীসহ কয়েকজন ব্যক্তি কয়েক বছর ধরেই পূজার আয়োজনের সময় বিভিন্নভাবে বাধা দিয়ে আসছেন। রোববার সকালে মণ্ডপ নির্মাণের প্রস্তুতিকালে আবারও একই ধরনের ঘটনা ঘটে বলে দাবি তাদের।
সদূরডাঙ্গী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস জানান, সরকারি রাস্তার পাশে প্যান্ডেল নির্মাণের জন্য বাঁশ পোঁতার সময় অভিযুক্তরা এসে গালিগালাজ ও মারধরের হুমকি দেন। তিনি আরও অভিযোগ করেন, পূজা করতে হলে ভারতে গিয়ে করতে বলা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি আদিত্য বিশ্বাস বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় বাসন্তী পূজা আয়োজন করে আসছেন। গত বছরও একইভাবে বাধা দেওয়া হয়েছিল এবং এবারও প্যান্ডেল নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মনিরুজ্জামান টুটুল। তার দাবি, পূজা মণ্ডপ নির্মাণে কোনো বাধা দেওয়া হয়নি। রাস্তার পাশে যে বাঁশ পোঁতা হচ্ছিল, তা তার জমির অংশে পড়েছে। এছাড়া বিদ্যুতের তারে লিকেজ থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকায় তার স্ত্রী আপত্তি জানিয়েছেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন সেখানে কোনো উত্তেজনা নেই। লিখিত অভিযোগ না পেলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
এদিকে, স্থানীয় পূজার আয়োজকরা শান্তিপূর্ণভাবে বাসন্তী পূজা সম্পন্ন করতে দ্রুত প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।