রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৯:৫২

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস সিঙ্গাপুরে যাবেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, ওই পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক এসেছে।

গত ১২ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কে জটিলতা ধরা পড়ায় জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরদিন দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top