৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছে তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৪ ফেব্রুয়ারি নগরীর বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
দীর্ঘ প্রায় ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমন ঘিরে বিভাগীয় বিএনপি নানা প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্থানীয় শীর্ষ নেতাদের সমন্বয়ে ৭টি উপকমিটি গঠন করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ২১ সদস্য বিশিষ্ট এসব কমিটি অনুমোদন দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
উপকমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
- অর্থ বিষয়ক কমিটির আহ্বায়ক: অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার
- শৃঙ্খলা কমিটির আহ্বায়ক: এবায়াদুল হক চাঁন
- মঞ্চ কমিটির আহ্বায়ক: জিয়াউদ্দিন সিকদার
- প্রচার কমিটির আহ্বায়ক: আবুল কালাম শাহীন
- আপ্যায়ন কমিটির আহ্বায়ক: শেখ আবদুর রহিম
- আবাসন কমিটির আহ্বায়ক: আলতাফ মাহমুদ সিকদার
- মিডিয়া উপকমিটির আহ্বায়ক: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন
শিরীন বলেন, “চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর বরিশালে আসছেন। জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ ও জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। নেতার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসব-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সুশৃঙ্খল করার জন্য ৭টি উপকমিটি গঠন করা হয়েছে।”
তিনি আরও জানান, চেয়ারম্যান হেলিকপ্টার যোগে বরিশালে পৌঁছবেন। হেলিকপ্টার অবতরণ হবে বরিশাল কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এবং সেখান থেকে সরাসরি গাড়ি যোগে বেলস পার্কের জনসভায় অংশ নেবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশালে আসছেন, যা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।