কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৯
কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসলের মাধ্যমে বিএনপিতে যোগদান করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী। এই ঘটনা ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে রামকৃষ্ণপুর ইউনিয়নে যান। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে আসাদুল হক আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক আগে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
এই বিষয়ে আসাদুল হক বলেন, “আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি আওয়ামী লীগে যুক্ত থাকলেও আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দেওয়ার। আজ সেই আশা পূর্ণ হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।