বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন ‘দ্য উইক

নাহিদ ইসলাম: জামায়াত জোট গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪

নাহিদ ইসলাম: জামায়াত জোট গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জামায়াত জোট সরকার গঠন করলেও দেশ ধর্মরাষ্ট্রে পরিণত হবে না। গণতান্ত্রিক সরকার হবে এবং নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে। এটি আমাদের অঙ্গীকার এবং আমাদের অন্তর্ভুক্তিমূলক আদর্শের অংশ।’

ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন ‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বর্তমান নির্বাচনী জোট কেবল নির্বাচনী সমঝোতা, আদর্শিক একীভূতকরণ নয়। তিনি জানান, জোট চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং এখনো নির্বাচনী সহযোগিতা ও সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। তিনি সতর্ক করে বলেছেন, নারী ও সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হলে এনসিপি সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করবে না।

নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন নির্বাচনে এনসিপি জোটগতভাবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নতুন দল হিসেবে সব আসনে জয় নিশ্চিত করা কঠিন হলেও সংসদে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরির জন্য এই জোট প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সংসদে জায়গা করে নিতে এই সমঝোতা জরুরি।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে নাহিদ বলেন, গণভোটের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া একটি বড় সাফল্য, তবে আইনশৃঙ্খলা ও মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। তিনি সতর্ক করে বলেন, পুরোনো প্রভাবশালী গোষ্ঠীগুলো দ্রুত সংগঠিত হয়ে সংস্কারের পথ আটকানোর চেষ্টা করছে।

প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, তারা বন্ধুত্ব চায়, তবে সীমান্ত হত্যা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম দাবি হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। ভারত যদি তাঁকে ফেরত দেয়, তবেই সুসম্পর্ক সম্ভব।’

তিনি বিশ্বাস করেন, অভিজ্ঞ দলগুলো অতীতে ভালো শাসন দিতে ব্যর্থ হয়েছে। মানুষ এখন তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহী। সংসদে শক্তিশালী অবস্থান তৈরির মাধ্যমে রাজপথের আন্দোলনকে রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দেওয়া সম্ভব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top