১৯ দিনের নির্বাচনি সফরের ইতি, বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা ১৯ দিনের ব্যস্ত প্রচারণা শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রচারের শেষ দিনে ঘরে ফেরার আগে তিনি শ্রদ্ধা জানান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতির প্রতি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। দীর্ঘ নির্বাচনি সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে সেখানেই।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী ২২ জানুয়ারি শুরু হওয়া এই প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়িয়েছেন তারেক রহমান। এ সময়ে তিনি ৪৩টি জনসভা ও পথসভায় বক্তব্য দেন। প্রতিটি সমাবেশে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি তুলে ধরেন বিএনপির রাষ্ট্রচিন্তা, উন্নয়ন রূপরেখা ও রাজনৈতিক প্রতিশ্রুতি।
প্রচারণার সূচনা হয় সিলেট থেকে। ঢাকা থেকে সেখানে পৌঁছে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। পরদিন তরুণদের সঙ্গে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক’-এ অংশ নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেন। একই দিনে আরও ছয়টি জেলায় সভা করে নজির স্থাপন করেন তিনি।
এরপর ঢাকার বিভিন্ন এলাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলা ঘুরে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষার বার্তা দেন তিনি। উত্তরাঞ্চলে সফরের সময় দীর্ঘ নির্বাসনের পর বগুড়ায় পৈতৃক ভিটায় রাত কাটানো ছিল তার জন্য আবেগঘন মুহূর্ত।
রংপুরে গিয়ে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, বরিশালে হেলিকপ্টারে আগমন, ফরিদপুরে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি—প্রতিটি স্থানেই ছিল আলাদা বার্তা ও প্রতিশ্রুতি। ঢাকাকে ঘিরে দেন নিরাপদ শহর, খেলার মাঠ ও আধুনিক সড়ক ব্যবস্থার অঙ্গীকার।
শেষ দু’দিন ঢাকার ১৫টি আসনে একের পর এক জনসভা করেন তারেক রহমান। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে শেষ জনসভা শেষে থামে প্রচারের ব্যস্ততা। এরপর তিনি যান বাবা-মায়ের কবর জিয়ারতে।
হজরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে যে প্রচারণার শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি হলো মা-বাবার কবর জিয়ারত করে—একটি রাজনৈতিক যাত্রা শেষ হয়ে ফিরে গেল ব্যক্তিগত অনুভূতির ঠিকানায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।