রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

টিসিবির পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়া বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৯:১৫

ছবি: সংগৃহীত

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কিছু না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই আর্তনাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কাছে খাদ্যসামগ্রী ও ঈদের উপহার পৌঁছে দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার নাটোর সদর উপজেলার হাপানিয়া গ্রামে সুকমন বেওয়ার বাড়িতে গিয়ে এসব উপহার তুলে দেওয়া হয়।

জানা যায়, সম্প্রতি টিসিবির পণ্য নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে বাড়ি ফিরতে হয় সুকমন বেওয়াকে। বয়সের ভার ও প্রাপ্তির হতাশায় তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত ওই বৃদ্ধাকে সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একদল নেতাকর্মী শনিবার সুকমন বেওয়ার বাড়িতে যান। সেখানে তার হাতে এক মাসের চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং বিশেষ ঈদের উপহার তুলে দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুকমন বেওয়া।

এ বিষয়ে মমিনুল ইসলাম জিসান বলেন, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই সামান্য উপহার পৌঁছে দিয়েছি। সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা আমাদের দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু একজন বৃদ্ধার কান্না থামায়নি, বরং সাধারণ মানুষের প্রতি নেতৃত্বের সংবেদনশীলতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top