যশোরে এক মসজিদে দেশি-বিদেশিসহ ১৬০০ মুসল্লির ইতিকাফে
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ২০:০০
যশোর সদর উপজেলার রামনগরের সতীঘাটায় অবস্থিত আশরাফুল মাদারিস কম্পাউন্ডের মসজিদে এবার ইতিকাফে বসেছেন মোট ১৬০০ মুসল্লি, যার মধ্যে ৭৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশিরা বিভিন্ন দেশ থেকে ইতিকাফে অংশগ্রহণ করতে এসেছেন।
মাদরাসা কর্তৃপক্ষ মুসল্লিদের সুবিধার্থে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইফতার, রাতের খাবার ও সাহরির আয়োজন করা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায়।
মাদরাসার মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, তাদের মসজিদে কয়েক বছর ধরে বড় পরিসরে ইতিকাফ আয়োজন হয়ে আসছে। ২০২৩ সালে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছিল। এরপর থেকে দেশ-বিদেশের মুসল্লিদের আগমন ক্রমেই বৃদ্ধি পেয়েছে।
এই বছরের ইতিকাফে অংশগ্রহণকারী বিদেশিরা ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামা থেকে এসেছেন। শিক্ষাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ বলেন, শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার অনুসারীরা মূলত এখানে ইতিকাফে অংশ নেন। এবারের ইতিকাফে দক্ষিণ আফ্রিকার শায়খ ইব্রাহিম আফ্রিকি দেশ-বিদেশ থেকে বহু আলেম ও অনুসারীকে আকৃষ্ট করেছেন।
যশোর শহরের দড়াটানা মসজিদের খতিব ও দড়াটানা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আমানুল্লাহ কাসেমী এবার সুন্নত ইতিকাফে অংশগ্রহণ করেছেন। তিনি জানান, মুসল্লিদের খেদমতে যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে খানকায়ে মাহমুদিয়ার ব্যবস্থাপনায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।