৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলাম না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:২৫
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জ্বালানি তেল সংকট বাংলাদেশের গ্রাহক ও চালককেও কষ্ট দিচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়ালেও গাড়িগুলো তেল পাচ্ছে না।
বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের তেলের সংকট নিয়ে অভিযোগের মধ্যে এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা–৮ আসনের আলোচিত সাবেক এমপি প্রার্থী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার জানিয়েছেন, ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি তেল পাননি। পোস্টের নিচে অনেকেই কমেন্টে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।
মধ্যপ্রাচ্যের সংকটে সারা বিশ্বে জ্বালানি তেলের ওপর যে প্রভাব পড়েছে, তার ঢেউ দেশে এসে লেগেছে। গত কয়েকদিন ধরে অধিকাংশ পেট্রোল পাম্পে তেল মিলছে না। দু–একটিতে মিলে হলেও দীর্ঘ লাইন। অনেক সময় দেখা যায়, ৮ থেকে ৯ ঘণ্টা বা তারও বেশি লাইনে দাঁড়ালেও তেল পাওয়া যাচ্ছে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।
এই হামলা–পাল্টা হামলার মধ্যেই ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ইরান ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘এক লিটার তেলও’ পৌঁছাবে না।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য ইরানকে একটি নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি না খোলার ক্ষেত্রে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।