বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

ঈদে বরাদ্দের ১০ লাখ টাকা বিতরণের হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:২০

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে দুঃস্থ ও গরিব মানুষের মাঝে সরকারের বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। পাশাপাশি তিনি উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি এবং ‘জবাবদিহিতা’ পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেবিদ্বারের দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে যে দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি যথাযথভাবে বিতরণ করা হয়েছে।’

তিনি জানান, উপজেলার প্রতিটি এলাকায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তালিকা উন্মুক্ত রাখা হয়েছে যাতে যে কেউ তা যাচাই করতে পারেন।

সংসদ সদস্য আরও বলেন, ‘১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য সকল তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।’

তিনি জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘লিস্টের ১০০০ জন মানুষকে নগদ ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। বাকি ৫০০ জনকে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। যেহেতু একই তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই পুরো তালিকাই উন্মুক্ত করা হয়েছে।’

হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, সহায়তা প্রদানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি; বরং প্রকৃত সুবিধাবঞ্চিতদের কাছে সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, সব সুবিধাবঞ্চিত মানুষ কি এই সহায়তার আওতায় এসেছে না-এ বিষয়ে প্রশ্ন আসার পর ব্যাখ্যা দেন, ‘না। সরকারি বরাদ্দের আওতায় এসেছে মাত্র ১০০০ জন, আর ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ বাকি থাকতে পারে।’

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top