প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীকে খোঁচা দিলেন সারজিস আলম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৪২
এসএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক মাধ্যমে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-কে কটাক্ষ করে মন্তব্য করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, “নকল আর হবে না! কিন্তু পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাওয়া যাবে।” একই পোস্টের মন্তব্যে একটি লিংক শেয়ার করে তিনি দাবি করেন, পরীক্ষার আগের রাতে টেলিগ্রাম গ্রুপে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে।
এর আগে প্রশ্নফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেয় এনসিপি। দলটির ভাষ্য অনুযায়ী, গণমাধ্যম সময় টেলিভিশন-এর একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, প্রতারক চক্রের মাধ্যমে অনলাইনে নিয়ন্ত্রণহীনভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চেয়ে পরীক্ষার হল তদারকির দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে, যা সমস্যার মূল সমাধান নয়। এনসিপির অভিযোগ, প্রশ্নফাঁসের মতো গুরুতর বিষয় উপেক্ষা করে শুধু নকল প্রতিরোধের বক্তব্য দেওয়া হচ্ছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দলটির মতে, শিক্ষক ও পরিদর্শকরাই পরীক্ষার হল তদারকির জন্য যথেষ্ট। মন্ত্রীর প্রধান দায়িত্ব হওয়া উচিত প্রশাসনিক তদারকি নিশ্চিত করা। প্রশ্নফাঁসের মতো ঘটনার পুনরাবৃত্তি শিক্ষা ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করেছে এনসিপি।
এ পরিস্থিতিতে, প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি, সমস্যার সমাধান না করে পরীক্ষা চালিয়ে যাওয়া কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।