রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

আপত্তিকর ফেসবুক পোস্টে গ্রেপ্তার যুবকের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৭

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ আপত্তিকর মন্তব্য করার ঘটনায় গ্রেপ্তার হওয়া এক কলেজপড়ুয়া যুবকের পাশে মানবিকভাবে দাঁড়িয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জানা গেছে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীকে নিয়ে গত শুক্রবার (২৪ এপ্রিল) একটি আপত্তিকর পোস্ট করেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম (২০)। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক বিএনপি কর্মী সাইবার নিরাপত্তা আইন-এ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ-এর নজরে এলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, অভিযুক্ত নিশাদ একজন কলেজ শিক্ষার্থী। তার বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী মনে করেন, হয়তো না বুঝে বা কারও প্ররোচনায় সে এমন কাজ করেছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে প্রতিমন্ত্রী নিজ উদ্যোগে অভিযুক্তের বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “ছেলেটি আমার সন্তানের বয়সী। ভুল হতেই পারে, তাই তাকে ক্ষমা করে দিলাম।”

রোববার (২৬ এপ্রিল) সকালে নিশাদের বাবা আশরাফ আলী জানান, মামলার পর গ্রেপ্তার হলেও প্রতিমন্ত্রী তার ছেলের জামিনের জন্য একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন এবং ওই আইনজীবী ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন তারা আদালতের কাছে জামিনের প্রত্যাশা করছেন।

এই ঘটনায় প্রতিমন্ত্রীর মানবিক অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা তৈরি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top