মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আপিলে বহাল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:১৮
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল।
সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানিতে অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
একই দিনে সংরক্ষিত আসনের আরও কয়েকজন প্রার্থীর আপিলও খারিজ করা হয়। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিল এবং আরেক বিএনপি প্রার্থী মাধবী মার্মার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিলও বাতিল করা হয়।
ইসির সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে মনিরা শারমিন অভিযোগ করেন, সরকারি দলের একাধিক প্রার্থীর মনোনয়ন সংক্রান্ত জটিলতা থাকলেও তাদের ক্ষেত্রে ভিন্নভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তিনি নিজেকে বৈষম্যমূলক আচরণের শিকার বলেও দাবি করেন।
এর আগে সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় যাচাই-বাছাই পর্যায়ে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে তিনি আপিল করেন, তবে শেষ পর্যন্ত কমিশন সেই আপিলও খারিজ করে দেয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।