পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ২০:৪৮
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছে ধাক্কা খেয়ে সড়কে উল্টে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা স্লুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী ‘শাহী পরিবহন’-এর বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে উল্টে পড়ে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই অধিকাংশ যাত্রী নিজ নিজ উদ্যোগে চিকিৎসার জন্য চলে যান। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও দুজন আহতকে উদ্ধার করা হয়।
অন্যদিকে, একইদিন বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি এলাকায় আরেকটি বাস দুর্ঘটনা ঘটে। নানিয়ারচর থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অনেকেই আহত হন।
আহতদের মধ্যে গুরুতর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।