যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক আফরোজা আখতার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পরে সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মোস্তাক আহমেদ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত গণহত্যা চালায়। সেদিন দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়।
তারা আরও বলেন, স্থানীয় দোসরদের সহযোগিতায় পাকবাহিনী গ্রাম-শহরে তাণ্ডব চালায়। সাতক্ষীরাতেও এর ভয়াবহতা দেখা যায়। সে সময় প্রাণভয়ে পালিয়ে আসা সাধারণ মানুষ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিলে সেখানে চার শতাধিক নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়।
এদিকে তালা উপজেলার পাটকেলঘাটা পারকুমিরা বধ্যভূমিতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।